About Me

header ads

দাম্পত্য | প্রকৃতি ভট্টাচার্য্য

বিভাগ : গল্প

দাম্পত্য

- প্রকৃতি ভট্টাচার্য্য



"এই হলুদ রঙের শাড়িটা পরলে কেন? অন্য কোন শাড়ি পরতে পারতে তো ! আবার চুলটা খুলে বাইরে যাচ্ছো কেন? একটা বিনুনি বা খোপা বাঁধতে পারতে তো !" অভি বলে উঠলো l
"চুপ করো তো, তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছো l তোমার সবেতে কথা বলা স্বভাবটা আর গেলো না l কেন এই শাড়িটা তো তোমার খুব পছন্দ l এটা পরলেই তো বলতে আমার হলুদ পরী l আহা সুন্দরী মরি মরি, কত গান ধরতে তা এখন কী হলো হ্যাঁ? অন্তরা বেশ রেগেই বলে ওঠে l "আমি এই শাড়িটাই পরে যাবো, বলে দিলাম ব্যস" শেষ কথাটা বেশ দৃঢ়তার সাথেই বলে অন্তরা l
"আচ্ছা আচ্ছা তাই পরে যাও, রাগ করোনা সোনা l কিন্ত চুলটা তো বেঁধে যাও, ওইভাবে খুলে যেও না l" একটু ঘাবড়ে গিয়ে বেশ নরম সুরেই বলে অভি l
"নাহ আমি চুল খুলেই যাবো" অন্তরার গলায় তেজ এখনো বহাল l "কেন আগে তো এই খোলা চুলের দিওয়ানা ছিলে, তো এখন আমার খোলা চুলের সঙ্গে এতো দুশমনি কেন? কেন আর প্রেম জাগছে না? নাকি সেটাও আগুনে পুড়েছে? চুল নিয়ে তো কম আদিখ্যেতা ছিলো না, দেখলেই তো কাব্য একেবারে ফুটে ফুটে বের হতো, 'চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা', সেইসব কাব্য ভুলেছো কী? অন্তরার রাগ আরো বাড়ছে সাথে গলাও চড়ছে l
অভি দেখলো লোহা বেশ গরম হয়ে যাচ্ছে l তাই তাড়াতাড়ি শুরু করে "চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা /মুখ তার শ্রাবস্তীর কারুকার্য"
"থাক আর আদিখ্যেতা করতে হবে না l আমার দেরি হয়ে যাচ্ছে l সবাই আমার জন্য অপেক্ষা করছে " অন্তরা বলে ওঠে l
"না না সোনা আদিখ্যেতা নয় l তোমাকে আজও হলুদ শাড়িতে আমার হলুদ পরীই লাগে l আজও তোমায় খোলা চুলে দেখলে আমার মন আকুল হয়ে যায় l তোমার এই সুন্দরী সাজ শুধু আমার জন্যে, অন্য কেউ দেখবে কেন আমার সুন্দরী বৌকে l তাছাড়া আমি তো আর যাচ্ছি না তোমার সঙ্গে পার্টিতে " অভি বলে ওঠে l
"খবরদার যাওয়ার চেষ্টাও করবে না l গতমাসের গেটটুগেদারে তুমি যা করেছিলে,সঞ্জয় শুধু একটু ডান্স করতে চেয়েছিলো l সবে শুরু হতেই তুমি ওর পা চিপে দিলে l তোমায় তো কেউ দেখলো না সবাই ভাবলো আমি করেছি l ছি ছি কী লজ্জা l তারপর থেকে সঞ্জয় আর আমার সঙ্গে সে ভাবে কথা বলে না এড়িয়ে যায়" বেশ রেগে চোখ পাকিয়ে বলে অন্তরা l
"ভালোই হয়েছে ওই বাজে লোকটা তোমার সাথে কথা বলে না l উহু ডান্স করছিলো না ছাই, অন্যের বৌকে পেয়ে জড়াচ্ছিলো l যত সব লম্পট " একটু রাগের গলায় বলে অভি l
"হ্যাঁ সবাই লম্পট আর উনি সাধু l যাক তোমার সঙ্গে ঝগড়া করলে আমার দেরি হয়ে যাবে আমি চললাম l তোমার সব পলিসি আমার জানা আছে, এই করে দেরি করাতে চাও "বলে অন্তরা পার্স নিয়ে জুতো পরতে থাকে বেরোবে বলে l
" সেই চুলটা না বেঁধেই চলে যাচ্ছ " অভি বলতে থাকে অন্তরা বেরিয়ে যায় l

2

"ও সোনা ঘুমালে? সরি আজ একটু বাড়াবাড়ি করে ফেলেছি, বুঝতে পারছি l রাগ করো না প্লিজ, একটু তাকাও না আমার দিকে " অভি বলে যায় l অন্তরা কোন উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে থাকে l
"ও সোনা রাগ করছো? ভুল হয়েছে বলছি তো ! কী করবো রাগ হয়ে গিয়েছিলো l তুমি বললে সঞ্জয় আর তোমার সাথে তেমন কথা বলে না l তবে আজ কেন এতো গা ঘেঁষে ঘেঁষে কথা বলছিলো l আর তুমি বলো ওটা ও বাড়াবাড়ি করে নি? তোমার ঠোঁটে কী লেগেছে ওটা ওর মোছাবার দরকার কি ? মুখে বললেই তো পারতো l আমি কী করবো আমার বৌয়ের গায়ে কেউ হাত দিলে আমার রাগ হয় l তাই তো একটু ঠেলে খাবারের প্লেটটা ওর গায়ে উল্টে দিয়েছি l আমি ভেবেছিলাম ওর ড্রেসটাই শুধু খারাপ হবে, ও চলে যাবে কিন্তু তোমার শাড়িটাও যে নষ্ট হবে বুঝতে পারিনি l সরি সরি, ভীষণ সরি, প্লিজ সোনা তুমি রাগ করো না l একটি বার ফেরো না আমার দিকে" অভি প্রায় মিনতি করে l
" কোন সরি নয় l তোমায় বারণ করার পরও তুমি গেলে l সঞ্জয়ের সাথে তুমি আজ যা করেছো তাই নিয়ে আমি আর তোমায় কিছু বলতে চাই না l আমি বুঝে গেছি তুমি কী চাও l এর জন্য এতো রাগ আর আমার হয় না l আমার রাগ হচ্ছে আমার শাড়িটা নষ্ট হয়ে গেলো " অন্তরা উত্তর দেয় l
"শাড়িটা না, ওটা হুম "একটু থামে অভি, তারপর বলে ওঠে "তুমি একটা অমন শাড়ি কিনে নেবে,ওই রকম শাড়ি আর একটা ঠিক পাওয়া যাবে"
"কী অমন আর একটা শাড়ি কিনে নেবে l হ্যাঁ কিনে নেবো, একটা কেনো হাজারটা কিনে নেবো l তাতে কী হবে অভি? ওই শাড়িটা তুমি আমায় আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে কিনে দিয়েছিলে l ওই শাড়িতে আমি তোমার ছোঁয়া পাই l তুমি বুঝবে না l তুমি না থাকায় এইসব জিনিসই তো আমায় তোমার পাশে থাকার অনুভূতি দেয়, সেটাও পেয়ে যাবো তো? সবাই তো আমায় এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে বলেছিলো, আমি এই জন্যই তো যাই নি l এই ফ্ল্যাটের সব জিনিস আমায় তোমার অভাব বুঝতে দেয় না l আমি আর এই নিয়ে কোন কথা বলতে চাই না l এখন অনেক রাত হয়েছে আমি ঘুমাবো বিরক্ত করো না" বলে অন্তরা সাইড টেবিলে রাখা অভির ছবিটা উল্টো দিকে ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে l

(প্রকাশিত)

Post a Comment

0 Comments